নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসার প্রতিবাদে অতিষ্ঠ হয়ে দুই মাদক ব্যাবসায়ির বাড়িঘর ও আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের দশালিয়া দক্ষিণপাড়া ও পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত দুই মাদক ব্যাবসায়িরা হচ্ছে দক্ষিণ পাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ইদ্রিস মিয়া (৪৫) এবং পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদির।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই মাদক ব্যবসায়ী তাঁরা এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে কয়েকশ যুবক ঐক্যবদ্ধ হয়ে ইদ্রিস মিয়ার বাড়ি-ঘর ও আব্দুল কাদিরের মাদক সেবনের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়। স্থানীয়রা জানায়, এভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এলাকায় মাদকের বিস্তার কমবে।
মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, “আমি তো একটু আধটু সেবন করি ও বিক্রি করি। তবে মাদকের বড় বড় ডিলার যারা আছে, তাদের বাড়ি-ঘর কেন হামলা করে না ? আমি গরীব মানুষ বলে, আমাদের পক্ষে কোন আইন নাই।”
স্থানীয় যুবক মিলন মিয়া ও জয়নাল মিয়াসহ আরও অনেকেই জানান, “আমরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং প্রতিবাদ করে আসছি। মাদক কারবারিদের অনেকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ও যুবসমাজ ক্ষিপ্ত হয়ে মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে। ”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে আইন হাতে তুলে না নিয়ে মাদককারীকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক কারবারীদের বিষয়ে গোপনে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
![]()

