নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে একটি পুরোনো মামলায় গ্রেফতারের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এক বিবৃতিতে তিনি এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে না জড়ানোর কড়া বার্তা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নান্দাইল গড়ার আহ্বান জানিয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মুশুলী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম ইফতেখার ভূইয়া বিপ্লবের জানাজার নামাজ শেষে ২ ঘন্টা পর বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
পরে এক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী জানান, চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি তাঁর পূর্বাবগত ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে এই পদক্ষেপ নিলেও, একটি শোকাতুর ও সংবেদনশীল মুহূর্তে এমন গ্রেপতারের ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি ভবিষ্যতে প্রশাসনকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক ও সময়-জ্ঞান বজায় রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে উল্লেখ করেন যে, প্রশাসন কখন এবং কোথায় কাকে গ্রেফতার করবে, তা সবসময় একজন জনপ্রতিনিধির পক্ষে আগে থেকে অবগত থাকা সম্ভব নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নোংরা রাজনীতি বা কোনো ধরনের অপপ্রচারে লিপ্ত না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তাও দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এছাড়া বিবৃতির শেষে তিনি সকল প্রকার রাজনৈতিক মতভিন্নতা ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নান্দাইল গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।