নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-ভৈরব রেলপথের ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ‘নান্দাইল রোড’ রেলওয়ে স্টেশনটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। নান্দাইল রোড স্টেশনটিতে জনবল সংকট আর অবহেলার কারণে এখন ২৪ ঘণ্টায় মাত্র একটি লোকাল ট্রেন যাত্রা বিরতি দেয়। তাও আবার এক মাসের মধ্যে ২ সপ্তাহের অধিক ট্রেনটি বন্ধ থাকে। ফলে জৌলুস হারাচ্ছে এক সময়ের ব্যস্ততম নান্দাইল রোড রেলস্টেশনটি। ট্রেন হচ্ছে গরীবের গাড়ি, ব্যাবসায়ীদের মালামাল আমদানী-রপ্তানির একটি নিরাপদ যাত্রা। কিন্তু বর্তমানে আর তা দেখা মিলছে না। ট্রেনখাতে সরকারের সুদৃষ্টি না থাকায় গরীবের গাড়ি আজ বন্ধের পথে। ডিম ও কাচামালের ব্যাবসায়ীরা দূরপাল্লায় মালামাল পাঠাতে না পেরে ব্যবসা আজ বন্ধের পথে। আর স্টেশনে খেটে খাওয়া মানুষগুলো ট্রেন চলাচল না থাকায় না খেয়ে মরতে বসেছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মাণের পর তেমন কোনো উন্নয়নের মুখ দেখেনি নান্দাইল রোড রেলওয়ে স্টেশন। তবে নান্দাইল রোড রেলস্টেশনে শেডহীন একটি পাকা ফ্লাটফর্ম ও একটি সিগন্যাল রয়েছে। তবে যাত্রীদের জন্য বিশ্রামাগার ও পানীয় ব্যবস্থার কোন সুব্যবস্থা নেই। সেই পুরাতন জরাজীর্ণ অবকাঠামো দিয়েই চলছে রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এক সময় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার হাজার হাজার সাধারণ মানুষম ও ব্যাবসায়ীরা অল্প খরচে ও নিরাপদে গমনের জন্য রেলপথ ব্যবহার করতো। প্রতিদিন দিনে ও রাতে আপ এবং ডাউনে ১০টি ট্রেন চলাচল করত এবং প্রতিটি ট্রেনই নান্দাইল রোড রেলষ্টেশন ও মুশুল্লী স্টেশনে যাত্রা বিরতি দিত। যাত্রীদের পদচারণায় মুখরিত থাকতো স্টেশনগুলো। বর্তমানে শুধু চট্টগ্রাম মেইল ট্রেনটি (৩৭-আপ) রাত ৩/৪ টার দিকে এবং একই ট্রেনটি (৩৮-ডাউন) সকাল সাড়ে ৯টা-১০ টার দিকে নান্দাইল রোড স্টেশনে যাত্রা বিরতি দিচ্ছে। এছাড়া আন্তঃনগর ট্রেন না থামায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। ফলে স্টেশনটি বন্ধের পথে এগিয়ে যাচ্ছে।
ট্রেনযাত্রী আব্দুল মোমেন ও এনামুল মিয়া সহ যাত্রীসাধারণগণ বলেন, “ট্রেন হচ্ছে গরীবের গাড়ি, অল্প খরচে যাতায়াত করতে সাধারণ জনগণের একমাত্র ভরসা রেলপথ”। কিন্তু একটা ট্রেনের জন্য সারাদিন বসে থাকতে হয়। ময়মনসিংহ টু ভৈরব রেলপথে ট্রেন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বার্তা পৌছাতে নান্দাইলের জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া জানান, সম্প্রতি বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি যদি এ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ সহ আরো কয়েকটি লোকাল ট্রেন চালু করার জন্য পদক্ষেপ নেয় তাহলে সাধারণ জনগণ ট্রেন যাতায়াতের সুবিধা ভোগ করার সুযোগ পেতে পারে।
নান্দাইল রোড রেলস্টেশন অতিরিক্ত দায়িত্বে থাকা স্টেশন মাস্টার জানান যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে ট্রেন বাড়ানো সহ রেলযোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে হলে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষসহ বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা প্রয়োজন।