নান্দাইল প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে হৃদয়স্পর্শী ইসলামি সংগীত ‘আমার কবরেরই পাশ দিয়া/ কে যাও গো হাঁটিয়া/ আমার জন্য দোয়া করো/ একটু দাঁড়াইয়া’। জীবন, মৃত্যুর বাস্তবতা ও পরকালের ভাবনাকেন্দ্রিক সহজ-সরল গীতিকবিতার কারণে গানটি ইতোমধ্যে টিকটক, ফেসবুক ও ইউটিউবে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছে।
গানটির কথা লিখেছেন ময়মনসিংহের নান্দাইলের কৃতী সন্তান, কবি ও শিক্ষাবিদ আবদুল হান্নান ইউজেটিক্স। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী আরিফ আল মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, কেবল টিকটকেই গানটি ব্যবহার করে ১০ লাখ ১০ হাজারের বেশি ভিডিও তৈরি হয়েছে। পাশাপাশি ফেসবুকের ‘Reel by আবদুর রহিম ভাই’ পেজ থেকেই এককভাবে ভিডিওটি ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
জনপ্রিয় এই গানটির রচয়িতা কবি আবদুল হান্নান ইউজেটিক্স ১৯৭৬ সালের ১০ জুলাই নান্দাইল উপজেলার ১ নং বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন শিক্ষক এবং বর্তমানে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক এবং একাধিকবার বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিটিভি (২০১৮) ও বাংলাদেশ বেতারের (২০২৫) তালিকাভুক্ত গীতিকার। সাহিত্যসাধনায় তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘ভালোবাসার শিকড়’, ‘কবিতার মিছিলে যাব’, ‘ভালোবাসা মনের অসুখ’, গল্পগ্রন্থ ‘মেঘের আড়ালে’ এবং ইসলামি সংগীতগ্রন্থ ‘জান্নাতি ফুল’। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি ভারতের কলকাতা থেকে বিশ্বসাহিত্য সম্মাননা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, কবি নজরুল সাহিত্য পুরস্কার এবং গ্লোবাল আইকনিক একুশে অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বহু সম্মানে ভূষিত হয়েছেন।
সংগীতের পূর্ণাঙ্গ গীতি:
আমার কবরেরই পাশ দিয়া
কথা: আবদুল হান্নান ইউজেটিক্স
সুর ও কণ্ঠ: আরিফ আল মাহমুদ
আমার কবরেরই পাশ দিয়া
কে যাও গো হাঁটিয়া,
আমার জন্য দোয়া করো
একটু দাঁড়াইয়া।
গরম জলের গোসল দিয়া
পড়াইয়া কাফন
সবাই মিলে করে গেলো
আমারে দাফন।
এখন আমি একলা থাকি
এক কাপড়ে শুইয়া।
মিছে আশা ভালোবাসা
মিছে মায়াজালে
জীবন আমার কেটে গেছে
শুধুই ভুলে ভুলে।
সুখে দুঃখে ছিলাম সবার
সঙ্গের সাথী হইয়া।
টাকা কড়ি বাড়ি গাড়ি
কতো আপনজনা
মরার পরে কেউ তো আমার
সঙ্গেতে আইলো না।
আপনজনাই গেলো আমায়
এই নিধানে থুইয়া।
নাই দরজা নাই জানালা
আন্ধাইর মাটির ঘর,
জনম জনম পইড়া আছি
লয় না কেউ খবর।
আশায় থাকি স্বজন যদি
দোয়া করে আইয়া।