নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশু-কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (১২-১৪ নভেম্বর ২০২৬) ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ (FFL with Field Practice) শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
নান্দাইল আসনের জাতীশ সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২) নভেম্বর নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (ট্রেনিং প্রোগ্রাম) ড. মোহা. মারুফ Nawaz (নওয়াজ)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক ও পিএস টু স্টেট মিনিস্টার মুহাম্মাদ শরিফুল হক। কর্মশালার মূল উদ্দেশ্য হলো—শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় ‘ফ্যাক্টস ফর লাইফ’ (FFL) সংক্রান্ত বিষয়সমূহ এবং নান্দাইলের স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া, যাতে মাঠপর্যায়ে মাল্টিমিডিয়া ও আধুনিক যোগাযোগ কৌশল ব্যবহার করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষকগণসহ নান্দাইল উপজেলার ২৫জন গণমাধ্যমকর্মী ও ৫ জন কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন ।
