নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম বাবু পল্লব রায়। তৃণমূল থেকে উঠে আসা এই দক্ষ সংগঠক ও রাজপথের পরীক্ষিত নেতাকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন তাঁর অনুসারীসহ তৃণমুল নেতাকর্মীরা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনে তিনি কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।
নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি দীপক চন্দ্র রায়ের সুযোগ্য সন্তান বাবু পল্লব রায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রিধারী এই নেতা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত। ১৯৯২ সালে নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে তার পথচলা শুরু। পরবর্তীতে ২০০৪ সালে উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং ২০০৫ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
এছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবু পল্লব রায়কে বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ১৯৯৮, ২০০১, ২০০৭ এবং সর্বশেষ ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরক মামলায় তিনি দীর্ঘ সময় কারাবরণ করেন। ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা তার ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের দুঃসময়ে রাজপথে থেকে কর্মীদের আগলে রাখা এই নেতা গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে কোনো কালিমা নিজের গায়ে লাগতে দেননি।
তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে বাবু পল্লব রায় নান্দাইলকে আদর্শ, নিরাপদ জনপদ ও বৈষম্যহীন মডেল উপজেলায় রূপান্তর করতে চান। তিনি জানান, তার মূল লক্ষ্য হবে— খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করে একটি বিচারবান্ধব পরিবেশ তৈরি করা। এছাড়াও নান্দাইলকে জুয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ সমাজ গঠন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ ও বিনোদনের জন্য খেলাধুলার ব্যবস্থা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে অভিজ্ঞ মহল ও তাঁর অনুসারীরা জানান, নান্দাইলের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে পল্লব রায় একজন ইজ্জত ও সম্মানের রাজনীতিক হিসেবে পরিচিত। কর্মীরা মনে করেন, তার মতো একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক চেয়ারম্যান নির্বাচিত হলে নান্দাইলবাসীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।
মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি ও সমর্থনের কথা উল্লেখ করে পল্লব রায় বলেন, "তৃণমূলের কর্মীরা আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। আমাদের অভিভাবক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী যদি আমাকে দলীয়ভাবে মনোনীত করেন, তবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আমি জনগণের জন্য সর্বদা নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত।