নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিজ্ঞ আদালতের আদেশে দীর্ঘদিনের বিতর্কিত ২১ শতাংশ জমির দখল উদ্ধার করে আবেদনকারীর নিকট হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে স্থানীয় ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই "দখল হস্তান্তরনামা" সম্পাদন করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (আবেদন নং– ০১/২০২৬)-এর গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখের জারিকৃত আদেশের প্রেক্ষিতে প্রতিপক্ষের বেআইনি দখলে থাকা বিতর্কিত জমিটি উদ্ধার করা হয়। পরবর্তীতে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক উপস্থিত থেকে আবেদনকারী বীর কামটখালী গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র মো. সেলিম উদ্দিনের নিকট ২১ শতাংশ ভূমির সীমানা চিহ্নিত করে দখল বুঝিয়ে দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, উক্ত জমিতে প্রতিপক্ষ হিসেবে অভিযুক্ত ছিলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের দুই পুত্র— ১. মজিবুর রহমান ও ২. আব্দুল মতিন।
উদ্ধার ও হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তাঁরা কার্য বিবরণীর নথিতে স্বাক্ষর ও সীলমোহর প্রদান করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
জমির দখল ফিরে পেয়ে উচ্ছ্বসিত আবেদনকারী মো. সেলিম উদ্দিন বলেন,"দীর্ঘ ২৩ বছর ধরে প্রতিপক্ষরা অন্যায়ভাবে আমার পৈতৃক জমি দখল করে রেখেছিল। আমি আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচার পেয়েছি। আজ প্রশাসনের উপস্থিতিতে সঠিক সীমানা নির্ধারণ করে জমিটি হস্তান্তরিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আদালত ও প্রশাসনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
কার্যক্রম পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান,
"বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সুনির্দিষ্ট আদেশের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং স্থানীয়দের উপস্থিতিতে জমিটির দখল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"