
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে তাৎক্ষণিক সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য স্মন্বয়ক আশিকিন আলম রাজনের নির্দেশনায় নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় আধ ঘণ্টা ধরে এই অবরোধ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল উপজেলার এনসিপি নেতাকর্মীরা বিকেলে নান্দাইল ব্রিজের কাছে সমবেত হয়ে মহাসড়ক ব্লকেড করেন। ব্লকেড ফলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এনসিপি নেতা টিটু, শাহ আলম, এবং মজনুসহ অন্যান্য নেতাকর্মীরা।
অবরোধ চলাকালে নেতারা এনসিপি নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পরে, এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সাথে সাথেই ব্লকেড তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
