নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে ৩১টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে, পূজা মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারসহ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা প্রদান করেন।
পূজা উদযাপনকে আরও উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে সভায় বিশেষ ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারিভাবে প্রতিটি পূজা মণ্ডপকে ৬০০ কেজি করে চাল এবং মন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সরকারিভাবে প্রতি মণ্ডপে দুই বান্ডিল করে ঢেউটিন এবং আরও আনুষাঙ্গিক আরও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান, নান্দাইল ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দিলিপ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু পল্লব রায়, পৌর পূজা কমিটির আহ্বায়ক তপন চন্দ্র দাস এবং সদস্য সচিব সঞ্জয় কুমার বর্মন প্রমুখ।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি—সাধারণ সম্পাদক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নান্দাইলের ৩১টি পূজা মণ্ডপ কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অতীতের মতো এবারও পূজার সার্বিক নিরাপত্তায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভা শুরুর আগে স্বর্গীয় বাবু বিপ্লব চন্দ্র সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও ইউএনও ফাতেমা জান্নাত।