
[ জলবদ্ধতায় মাঠ ছাড়ছে যুবক ]
শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১০৩ নং জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে হাঁসের রাজত্ব। মাঠে জলবদ্ধতার সৃষ্টি হওয়ায় ওই পানিতে আশপাশের হাঁসগুলো থৈ থৈ আনন্দে জলকেলি নিত্যদিনের। তবে নিরানন্দ অবস্থা বিরাজ করছে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মনে। বিদ্যালয়ের মাঠ থাকলেও খেলাধুলা করা তো দূরের কথা, বিদ্যালয়ে প্রবেশ করতেও তাদেরকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এতে বাদ যায়নি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার যুব সমাজও। জলাবদ্ধতায় মাঠ ছেড়ে যুবকরা ঝুঁেক পড়ছে মোবাইল আসক্তি ও অনলাইন জুয়া খেলার মতো বিপথে। তাই অতি সত্বর মাঠের জলাবদ্ধতার নিরসন করে মাঠিটি খেলার উপযুক্ত করে তোলার জোর দাবী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ সহ কোমলমতি শিক্ষার্থী, যুব সমাজ ও এলাকাবাসী।
সরজমিন পরির্দশনে জানাগেছে, জোয়াল ভাঙ্গা গ্রামের সমাজসেবক সফির উদ্দিন ও রিয়াজ উদ্দিনের দেওয়া ৫০ শতক ভূমির উপর ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। দুটি পাকা ভবন থাকলেও একটি পরিত্যক্ত, অন্যটিতে চলছে ১১০ জন শিক্ষার্থীর পাঠদান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে মোট ৪ জন শিক্ষক এবং একজন নৈশ প্রহরী রয়েছেন। মাঠের পূর্বপাশে উঁচু পাকা রাস্তা এবং পশ্চিমপাশে একটি ওয়াশরুম থাকলেও মাঠের চারপাশ উঁচু হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠের অবস্থা অত্যন্ত নাজুক। হাঁসের অবাধ বিচরণ এবং নোংরা পানির দুর্গন্ধে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিদ্যালয়ে প্রবেশ করতে হলে কাদাঁ ও নোংরা পানিতে ভিজে যেতে হয়, ফলে প্রায়শই শিক্ষার্থীরা বই-খাতা সহ কাদাঁতে মাখামাখি হয়ে পড়ে। অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে শঙ্কাবোধ করছেন, কারণ কাদাঁতে পিছলে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে। এ যেন চরম দুর্ভোগের মুখোমুখির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থী,শিক্ষক স্টাফ ও এলাকার যুবক।
স্থানীয় যুবক রাহাদ ও ইমন জানান, খেলার মাঠে জলাবদ্ধতা থাকায় তারা সহ এলাকার যুবকরা খেলাধুলা করতে পারছেন না। এর ফলস্বরূপ অনেকেই ফ্রি ফায়ার, পাবজি সহ অনলাইন জুয়া এবং মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তারা দ্রুত মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, মাঠের পূর্বপাশে পাকা রাস্তা হওয়ায় পানির গতিপথ বন্ধ হয়ে গেছে। তাই মাঠে পানি জমে থাকে। একবছর ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সোহেল জানান, মাঠে জলাবদ্ধতার বিষয়টি ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে লিখিতভাবে অবগত করেছেন। আশা করছেন, জলাবদ্ধতা দূরীকরনে সংশ্লিষ্ট প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নিবেন।
নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন্নেছা জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়টি তিনি ইউএনও সহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবগত করেছেন।
