ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার: নেপথ্যে পুত্রবধূর অভিযোগ ও পারিবারিক কলহ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়ির পেছনের জঙ্গল থেকে সোহরাব উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহরাব উদ্দিন ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহরাব উদ্দিনের সাথে তার বড় ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রীর দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিল। এই বিরোধের জেরে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর সোহরাব উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য আগামীকাল বুধবার একটি সালিশি বৈঠক (দরবার) হওয়ার কথা ছিল।

এলাকাবাসীর ধারণা, থানায় অভিযোগ ও পারিবারিক কলহের জেরে সৃষ্ট মানসিক চাপ থেকে মুক্তি পেতে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সোহরাব উদ্দিন বাড়ির পেছনের জঙ্গলে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাদের পারিবারিক কলহ মেটাতে বুধবার একটি দরবার হওয়ার কথা ছিল। তার আগেই এমন ঘটনা ঘটে গেলো। শুনেছি ওই পুত্রবধূ থানায় একটি অভিযোগও দিয়েছিলেন।”

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “পুত্রবধূর দায়ের করা অভিযোগের কথা শুনেছি, তবে বিস্তারিত এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।