নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উপজেলার চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার দুই বছর বয়সী ছেলে রাফী এবং শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে জান্নাত। সম্পর্কে তারা দুজনেই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি ও নাতনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুই স্বজনদের সাথে গ্রামে বেড়াতে এসেছিল। ঘটনার দিন দুপুরে বাড়ির পেছনে খেলাধুলা করার একপর্যায়ে সবার অজান্তে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন। দুই শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। ছোট শিশুদের খেয়াল রাখার ব্যাপারে আমাদের সবার আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন।”