প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
নান্দাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী: তুপের মুখে এলাকা ছাড়লেন জেলার নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: য়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে যাবার সময় তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন জেলা উত্তর যুবদলের শীর্ষ নেতারা। স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কর্মসূচি পালন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলার বাজারে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জেলার মূল কর্মসূচি বাদ দিয়ে প্রত্যন্ত অঞ্চলে এই আয়োজন এবং বিগত দিনে ধানের শীষের বিরোধী ব্যক্তিদের সাথে রাখার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়। তবে এমন কোন ঘটনাই ঘটেনি বলে দাবি করছেন প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত জেলা উত্তর যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসু এবং সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব জেলার মূল অনুষ্ঠান বাদ দিয়ে নান্দাইলের সীমান্তবর্তী মুশুল্লী ইউনিয়নের জামতলা বাজারে আসেন। সেখানে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়া কিছু বিতর্কিত ব্যক্তিকে সাথে নিয়ে তারা একটি মিছিল ও সমাবেশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদল নেতা মারুফ হাসান।
বিষয়টি জানাজানি হলে নান্দাইল উপজেলা ও তৃণমূল পর্যায়ের যুবদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় ফেরার পথে নান্দাইল চৌরাস্তা এলাকায় জেলা উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পথ আটকে দেন বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা। এ সময় তারা এই ‘অসাংগঠনিক আচরণ’ ও বিতর্কিতদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত নেতাকর্মীরা শীর্ষ নেতাদের কাছে এ বিষয়ে সদুত্তর চাইলেও তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরিস্থিতি বেগতিক দেখে জেলা সভাপতি শামসুল হক শামসুসহ তাদের সাথে থাকা অন্যান্য নেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
বিক্ষুব্ধ নেতাকর্মী যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস ও মিজান জানান, স্থানীয় উপজেলা যুবদলের কাউকে না জানিয়ে এবং দলের আদর্শবিরোধী ব্যক্তিদের সাথে নিয়ে এই ধরনের গোপন ও একতরফা কর্মসূচি কেন করা হলো তা তাদের বোধগম্য নয়।
এ বিষয়ে বক্তব্য ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল করিম ভূইয়া বিপ্লব জানান, প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে তিনি চলে আসেন। পরে চৌরাস্তায় কি হয়েছে তা তিনি জানেনা না। তবে শুনেছেন আওয়ামী সমর্থিত কিছু লোক রাস্তায় ভূয়া স্লোগান দিয়েছে।
Copyright © 2025 Norsundanews24.com . All rights reserved.