ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে আসামিপক্ষের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনায় শিশুটির পিতা ১৬ মে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮২৮) করেছেন।

অভিযোগ ও জিডি সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় নান্দাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের চারি আনিপাড়া এলাকায় ১০ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে জনৈক মতি মাস্টারের মালিকানাধীন একটি জঙ্গলে নিয়ে যায় প্রতিবেশী মোঃ রামিম সরকার (২২)। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কৌশলে পালিয়ে প্রাণে বাঁচে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোড অনুযায়ী নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত রামিম সরকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি রামিম সরকার জেলহাজতে থাকলেও তার আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বিভিন্নভাবে চাপ ও হুমকি প্রদান করছে। গত ১৪ মে সন্ধ্যায় অভিযুক্তের পিতা মোঃ আহাদ সরকার (৫২), চাচা মোঃ সাহিদ সরকার (৫৫) এবং মোছাঃ শারমিন আক্তারসহ একদল লোক বাদীর বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা সাফ জানিয়ে দেয়, মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে।

মামকার বাদী সরকার জানান, “আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে মামলা করায় এখন আমি ও আমার পরিবার জানমালের শান্তিতে নেই। আসামিরা প্রভাবশালী ও উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় আমরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।”

অপরদিকে অভিযুক্ত আসামির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম জানান, সাধারণ ডায়েরিটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। একজন উপ-পরিদর্শককে (এসআই) বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সজাগ রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।