আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে মোছা. রাশেদা (২৪) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান আসামি নাইমুল (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সুখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নাইমুল একই এলাকার আমিন মিয়ার ছেলে। আহত রাশেদা ওই এলাকার মৃত বোরহান উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার নাইমুল, শহীদ, নাঈম ও নাসরিনদের সঙ্গে রাশেদার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা রাশেদার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গালাগাল শুরু করে।
এ সময় রাশেদার মেয়ে শ্রাবন্তী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে রাশেদার ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে শহীদ ধারালো দা দিয়ে রাশেদার মাথায় কোপ দেয় এবং নাঈম লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই হাত গুরুতরভাবে জখম করে।
রাশেদার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ২০ এপ্রিল রাশেদা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি ছিলেন গ্রেপ্তারকৃত নাইমুল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”