আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্বাচন পরবর্তী বাস্তবতায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে “শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি: নির্বাচন পরবর্তী বাস্তবতায় নাগরিকদের করণীয়” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক. ম. মহিবুল্লাহ (বচ্চন)।
সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আক্তার হোসেন, পাকুন্দিয়া মহিলা কলেজের প্রভাষক কামাল উদ্দিন (ছোটন), জাতীয় পার্টি পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক মো. মোহাম্মদ আলী, পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ফেকামারা ফাজিল মাদ্রাসা, কটিয়াদির অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, সংঘাত নয়—শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। নির্বাচন পরবর্তী সময়ে পারস্পরিক সহনশীলতা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পাকুন্দিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।