আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামের মৃত মুশিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পেলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি জোনায়েদের বিরুদ্ধেও ১৩টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।