আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার অবকাঠামো উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে নবনির্মিত সড়ক ও সড়কবাতি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুুধবার (৩ জুন) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের ফলক উন্মোচন করেন।
পৌরসভার ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি থেকে গরুর হাট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি আধুনিকায়ন এবং রাতে চলাচলের সুবিধার জন্য উন্নতমানের সড়কবাতি স্থাপন করা হয়েছে। প্রকল্পটি উদ্বোধনের ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং রাতে নিরাপদ চলাচলের পথ সুগম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জালাল উদ্দিন বলেন, “বর্তমান সরকার গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে নিরলস কাজ করে যাচ্ছে। পাকুন্দিয়া পৌরসভাকে একটি আধুনিক ও স্মার্ট মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি থেকে গরুর হাট পর্যন্ত এই সড়কটি এ এলাকার অর্থনৈতিক ও যাতায়াত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “সড়কবাতি স্থাপনের মাধ্যমে রাতের অন্ধকারে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌর প্রশাসক মিস রিফাত জাহান, পৌর প্রকৌশলী আঃ মান্নান, পাকুন্দিয়া পৌর সভায় বিএনপি সভাপতি, প্রেসক্লাবে সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, মো ইফরাদ উদ্দিন, আঃ ছাওার যুগ্ন আহ্বায়ক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, ছাএদলের আহ্বায়ক মোঃ মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়ক ও আলোর ঝলকানিতে নতুন রূপ পাওয়া এই প্রকল্পটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।