নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো বিশৃঙ্খলা বা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ী ও আগুন সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না; অপরাধীরা জেলে থাকলে দেশবাসী শান্তিতে থাকবে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ২টায় নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সাথে দিকনির্দেশনামুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাম পুলিশদের মাসিক ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধি করা হয়েছে, তবে তিন মাস অন্তর বেতন প্রদানের পরিবর্তে প্রতি মাসে বেতন চালু, অবসরকালীন ভাতা ১ লাখ টাকা করা, গ্রাম পুলিশকে 'মহল্লাদার' ও প্রধানকে 'দফাদার' করার পরিকল্পনার জন্য মন্ত্রীসভায় ও সংসদে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড না পেলে ব্যক্তিগত উদ্যোগে নান্দাইলের প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে সেলাই মেশিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এছাড়া শৃঙ্খলা ও সততার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি বা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহযোগিতার মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সবশেষে গ্রাম পুলিশ সদস্যদের মাদক প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার দুটি মূল দায়িত্ব পালনে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুর ইসলাম ফকির, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেনসহ নান্দাইলে কর্মরত সাংবাদিক ও গ্রাম পুলিশের ১০২ জন সদস্য উপস্থিত ছিলেন।
