নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজিত সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, ‘হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে’। ডিসেম্বরের জন্য অপেক্ষা কেন? এখনই আসেন। দেশের জনগণ কোন ছাড় দিবে না।
শনিবার (৭ই নভেম্বর) বিকালে উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রথমেই ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়নের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, এডভোকেট এমএ সালাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী তাঁর দীর্ঘ ১২ মিনিটের বক্তব্যে আরও বলেন, আজকের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। এর অর্থ হলো কুচক্রী মহলকে তারা আবার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এখানে যারা মুরুব্বিরা আছেন, তারা সঠিকভাবে জানেন। ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে সিপাহী-জনতা কুচক্রী মহলের হাত থেকে বিপ্লবের মাধ্যমে মুক্ত করেছিলেন।

স্বাধীনতা-পরবর্তী যেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল, স্বাধীনতার পরে যেই দুর্ভিক্ষ হয়েছিল, স্বাধীনতার পরে যেই বিশৃঙ্খলা হয়েছিল সেই বিশৃঙ্খলা এবং সেই অরাজকতা হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগের ঘৃণা ও বিদ্বেষ বিভাজনের রাজনীতির বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র এবং বিভাজনের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তার জন্যই আজকে আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার পরিবারের সদস্যরা পরবর্তীকালে বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন হয়েছে, বাংলাদেশ যখন গণতন্ত্র বুলুণ্ঠিত হতে চলেছে, তখনই জিয়া পরিবার বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, জিয়া পরিবারের জন্য আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য-কর্মী হিসেবে আমরা আজকে গর্বিত।
আপনারা জানেন, একটি কুচক্রী মহল যারা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় অপচেষ্টা করে যায়, বাংলাদেশ ধ্বংসের জন্য, বাংলাদেশকে একটি অরাজক অবস্থা সৃষ্টি করার জন্য তারা সব সময় কাজ করে যায়। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা সবসময় দাঁড়ায়। সেই দলের নেত্রী তার নিজ দলের নেতাকর্মীকে রেখে লক্ষ্য কোটি টাকা পাচার করে ও লুটপাট করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। শিশু হত্যা, নারী হত্যা, পুরুষ হত্যা, গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে। তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে।
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না, এখন আসেন। আপনার আসতে হবে না, আমরা নিয়ে আসবো, পালাইছেন, হাঁইটা হাঁইটা আসবেন। আপনারা বিচারের আওতায় আসবেন, আপনাদেরকে ডাকতে হবে না। যেই দুর্নীতি করে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করেছেন, আপনারা যেভাবে মানুষ হত্যা করে পালিয়েছেন, আপনারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে হুংকার দেন—সেই হুংকার বাংলাদেশের জনগণ বুঝে গেছে।
আপনাদেরকে এখন বাংলাদেশে আসতেই হবে। 'আসবো আসবো' বলে আসবেন না, তা কিন্তু হবে না। এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দেব। আপনারা ভাববেন না যে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে? বাংলাদেশের জনগণ অত বোকা আর নাই। সতেরো বছর লুটপাট করেছেন। মানুষের ভোটাধিকার আপনারা হনন করেছেন। আপনাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে গ্রেপ্তার করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন।
বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছিল—২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা কোনোভাবেই বুলুণ্ঠিত হতে দেওয়া হবে না। সারা বাংলাদেশে কাউকে এই অধিকার বাংলাদেশের জনগণ আর দিবে না। বাংলাদেশের জনগণ জুলাইয়ের সেই হত্যার কথা ভুলে যায়নি। বাংলাদেশের জনগণ নারী-শিশুকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেগুলোর কথা কোনোদিন ভুলবে না।
একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আপনাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আপনাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দল, আপনাদের প্রাণের দল, উন্নয়নের দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। সকল ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন।
আপনারা প্রয়োজনে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। অনেক সময় তারা বিশৃঙ্খলা করার জন্য পরিকল্পনা করে। আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের পরিচিত-অপরিচিত যারা আছে, যদি কেউ বিশৃঙ্খলা করতে চায়, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা অবশ্যই কোনো তথ্য থাকলে সেইগুলো আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা সেই তথ্য দেবেন।
আজ বাংলাদেশে কোথাও বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করে চলেছেন, যে পরিকল্পনা করে যাচ্ছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু তাদের লুটপাটের রাজনীতির জন্য তারা আবার এসে রাজনীতি করতে চায়। তাদেরকে আর উৎপাত করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
আমরা বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তা ইটের সোলিংয়ের জন্য আমরা দিয়েছি; আমরা সাড়ে এগারো কোটি টাকা দিয়ে বিভিন্ন রাস্তা পুনর্সংস্কার করার জন্য ইতিমধ্যে অনুদান এনেছি। এই সাড়ে এগারো কোটি টাকার যে রাস্তা আপনারা নান্দাইলেরবাসী পেয়েছেন, ময়মনসিংহের সকল জেলার কোনো উপজেলায় এই অনুদান আসেনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ভালোবেসেই এই অনুদান দিয়েছেন।
আপনাদের জন্য গৃহহীনদের ঘর নির্মাণের পরিকল্পনা করেছি। ইতিমধ্যে আমরা ৩৬টি ঘর আমাদের স্বামী-পরিত্যক্তা, বিধবা মা-বোনদেরকে দিয়েছি। ভবিষ্যতে ১০৪টি ঘর দেওয়ার জন্য এই বছর আমরা বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। ভবিষ্যতে আরও দেব। একের পর এক উন্নয়ন হবে; পাঁচরুকী ব্রিজের জন্য আমরা অনুদান পেয়েছি। আমরা জাহাঙ্গীরপুর, চর বেতাগুর বিভিন্ন ব্রিজের জন্য ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমাদের সেগুলোর অনুমোদনের পর্যায়ে আছে।
আমরা নান্দাইলের উন্নয়নের জন্য এসেছি। আমাকে আপনারা নান্দাইলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিয়েছেন। আপনারা আমাকে নান্দাইলের উন্নয়ন চালিয়ে যাওয়ার জন্য—আমি চাই আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, আপনাদের কর্মী হিসেবেই থাকতে চাই। আমার বাবা যেভাবে আপনাদের সাথে ছিল, আপনাদের এই নান্দাইলের উন্নয়ন করেছে—ঠিক সেভাবে আমি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
আমাদের এখানে বিভিন্ন রকম স্কুল, কলেজসহ মাদ্রাসার জন্য আমার কাছে ভবন নির্মাণের আবেদন করেছেন। আমরা ইতিমধ্যে ২৩টি ভবন করে যাওয়ার জন্য অনুমোদন পেয়েছি। আরও বহু স্কুল ভবন, কলেজ ভবন আমরা নির্মাণের জন্য অনুমোদনের অপেক্ষায় আছি এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।
আপনারা জানেন, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই তফসিল ঘোষণা হতে পারে। আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন সেই আশা করি, আপনারা গণতন্ত্রের পক্ষে থাকবেন সেই আশা করি। নির্বাচনের সময় আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের এই আস্থা, আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই ভোট—আমি অক্ষরে অক্ষরে মূল্যায়ন করে আপনাদের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়েছি। সেই কারণেই আপনারা সেই উন্নয়নের পক্ষে যে প্রার্থী রাখবেন, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের মতামতের ভিত্তিতে, জরিপের ভিত্তিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখা একজন প্রার্থীকে সমর্থন দিবে। সেই সমর্থন আপনারা বিবেচনা করবেন সেই আশা আমি ব্যক্ত করছি।
এসময় নান্দাইল উপজেলা, পৌর ও ১৩টি ইউনিয়নের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
