নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আলীহরগাতী গ্রামে বিএনপি নেতা মাসুম খানের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্ত ডাকাতের দল।
এ ঘটনায় শনিবার (১১ জুলাই) বিকেলে ভুক্তভোগী মাসুম খান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মোঃ মাসুম খান তিনি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার স্ত্রী রাহিমা আক্তার জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। গত মঙ্গলবার (৯ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে ৫-৬ জন অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা মাসুম খানের বাড়িতে হানা দেয়। প্রথমে বাড়ির চারপাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ঘরে ঢুকে বিএনপি নেতার শিশুকন্যার গলায় ধারালো দেশীয় অস্ত্র এবং তার স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা, প্রায় ৫.৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসহ আনুমানিক ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা মাসুম খানকে রাস্তায় খুন করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়।
প্রত্যক্ষদর্শী রাহিমা আক্তার জানান, কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে তারা আমাকে ও আমার সন্তানকে জিম্মি করে সবকিছু নিয়ে যায়।
ভুক্তভোগী মাসুম খান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, প্রতিবেশীদের নিকট খবর পেয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের মুখে এ ঘটনা শোনেন। তিনি মালামাল উদ্ধারসহ অপরাধীদের শনাক্ত করে এর সঠিক বিচার চান।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

