নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মোড়াগালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাজুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে ওই বৃদ্ধের পুরো পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ঘটনায় রোববার (২রা আগস্ট) রাতে ওই বৃদ্ধ নান্দাইল মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই প্রতিবেশী আঃ হেলিমের হুকুমে লিটন, বাবুল ও রিয়াজ মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক তাজুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। প্রতিবাদ করায় তারা বৃদ্ধ তাজুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে, এতে তার হাতের হাড় ভেঙে যায়। আহত বৃদ্ধ তাজুল ইসলাম জানান, আসামিরা তার জায়গা-জমি দখল করেছে এবং তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীর দুই মেয়ে স্কুল শিক্ষক ও এক পুত্র মাদ্রাসা শিক্ষক হওয়ায় তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাজুল ইসলামের মেয়ে কামরুন্নাহার জানান, ইতিপূর্বেও প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা চালিয়েছিল, যা নিয়ে আদালতে মামলা (নং-৩৯) বিচারাধীন রয়েছে। এখন তাঁর বাবার উপর হামলা হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত লিটন মিয়া জানান, হাতাহাতির সময় পড়ে গিয়ে তাজুল ইসলাম আহত হয়েছেন। তাছাড়া অন্যের জমি তিনি দখলে নেননি। কিন্তু ভাতিজা আব্দুল কাইয়ূম জানান, তাঁর ক্রয়কৃত জায়গা বুঝে পাচ্ছেন না। তাই তিনি বৃদ্ধের ৫০শতক জায়গা দখলে নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য স্বপন মিয়া জানান, তাজুল ইসলামের কাগজপত্র সঠিক আছে। কিন্তু উভয় পক্ষের দাবির মুখে দরবার করেও সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

