নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপিত হয়। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো নান্দাইলের সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয় উৎসব।
এ বছর নান্দাইল উপজেলায় মোট ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকারের পক্ষ থেকে ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র বিশেষ নির্দেশনায় পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের জনগণের সার্বিক সহযোগিতায় নান্দাইলে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবটি সম্পন্ন হয়েছে।
উৎসব চলাকালীন গত শনিবার নান্দাইল উপজেলা সদরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিদর্শন শেষে মণ্ডপ চত্বরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা অধিকার সবার। একমাত্র বিএনপি সরকার ক্ষমতায় এলেই , বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এ বছর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুজা মন্ডপগুলোতে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন। নান্দাইলের প্রতিটি পূজা মণ্ডপে ৬০০ কেজি চাল, দুই বান্ডিল ঢেউটিনসহ নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া তথ্য প্রতিমন্ত্রীর নিজস্ব উদ্যোগে নান্দাইলের ৩১টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান ছালেহ প্রিন্স, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্যদিকে গাংগাইল ইউনিয়নের ৩টি পূজা মন্ডপেও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ পরির্দশন করেন এবং নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কাজী গোলাম মোস্তফা, গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া, সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন মাস্টার প্রমুখ।
কোন ধরনের আপত্তিকর বা দূর্ঘটনা ছাড়াই নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপজা উৎসব ২০২৬ সম্পন্ন হওয়ায় নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধূরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইল উপজেলা পূজা উদাযপন কমিটি ও ৩১টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর বিজয়া দশমীর নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে নান্দাইলের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু হয়। ঢাক-ঢোল, কাসর ও উলুধ্বনির বাদ্য বাজিয়ে এবং অশ্রুসজল চোখে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের নান্দনিক সমাপ্তি ঘটে।
![]()

