নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অসহায় পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য ময়মনসিংহের নান্দাইলে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং মুসুল্লী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় আমলীতলা বাজার সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সার্বিক দিকনির্দেশনা ও মূল অতিথি হিসেবে নাম ঘোষণা করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান লিটন।
৭নং মুসুল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুহাম্মদ ফুরকান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন ৭নং মুসুল্লী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওমর ফারুক মাস্টার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে নান্দাইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় পরিবারগুলোর প্রকৃত তথ্য ও তালিকা নিখুঁতভাবে সংগ্রহ করা সম্ভব হবে। এর ফলে প্রকৃত হকদারদের কাছে সঠিক সহায়তা পৌঁছানোসহ তাঁদের দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

![]()

