[ রাস্তার জায়গা উদ্ধারের দাবিতে গ্রামবাসীর অভিযোগ ]
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ সরকারি হালটের রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। রাস্তাটি উদ্ধারের দাবিতে এবং জনদুর্ভোগ লাঘবে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পন্ডিতপুর গ্রামের কুদ্দছ মিয়ার বাড়ির সামনে থেকে কান্দিউড়া পর্যন্ত যাতায়াতের সরকারি হালটের রাস্তাটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন একই গ্রামের মো. মোশারফ হোসেন, মোবারক হোসেন, সৈকত আলী, রবিন মিয়া, কাইয়ূম মিয়াসহ ৯ জন ব্যক্তি। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে দলীয় পদ-পদবীর প্রভাব খাটিয়ে তারা রাস্তার জায়গা দখল করে সেখানে টয়লেট, গোসলখানা, টিউবওয়েল এবং বাড়ির বাউন্ডারি হিসাবে টিনের বেড়া দিয়ে রেখেছেন।এলাকাবাসীর দাবি, রাস্তার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দিতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে একই স্থানে পাশাপাশি দুটি কালভার্ট নির্মাণ করেছেন। এতে করে রাস্তার আগের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এর ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। মাঠ থেকে উৎপাদিত ধান, শাক-সবজি ও অন্যান্য ফসল বাড়িতে আনা বা বাজারে নেওয়ার কোনো বিকল্প পথ না থাকায় তাদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
আভিযোগকারী মো. উবায়দুল হক ও মো. কামাল হোসেন জানান, “এই রাস্তাটি আমাদের যাতায়াতের প্রধান পথ ছিল। রাস্তাটি দখল হওয়ায় আমরা ফসল নিয়ে বাড়ি ফিরতে পারি না। দখলদাররা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা বারবার অনুরোধ করলেও তারা রাস্তা ছাড়েনি, উল্টো আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত উচ্ছেদের দাবি জানাই।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


