ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সততা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে কিশোরগঞ্জে দুদকের কর্মশালা

Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ :- দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) কিশোরগঞ্জ ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়, কিশোরগঞ্জ। এতে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের ঢাকা বিভাগের পরিচালক মো. মাসুদুর রহমান। তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষকক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সৎ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকা তুলে ধরে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সততা স্টোর ও সততা সংঘ গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব।
এছাড়া সততা সংঘ ও সততা স্টোর গঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মো. এহসানুল হক মুকুল এবং সাধারণ সম্পাদক হাজী মো. শাহাব উদ্দিন ভূইয়া।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে অংশগ্রহণকারী সকল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আবু হানিফ

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।