মিজানুর রহমান। গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় ও নির্মম মারপিটের অভিযোগ উঠেছে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
জানা গেছে ১২-০৪-২৬ইং, (সোমবার) উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা/ভেলামারী গ্রামের বাসিন্দা মোঃ আঃ বাকী (পিতা: তায়েব হোসেন) পেশায় একজন কাঠ ব্যবসায়ী। অভিযোগ অনুযায়ী, সাপমারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী আঃ বাকী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আমিরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় আঃ বাকী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা বলছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

