নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সম্প্রতি মাদকবিরোধী কার্যক্রমে সোচ্চার থাকা আলমগীর হোসেন আলীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে নিহত আলমগীরের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী আলমগীরকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। তারা শেরপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাও: আবু সাঈদ, সোহেল মিয়া, মাও: অলি উল্লাহ, জালাল উদ্দীন, এবং নিহতের পরিবারের সদস্য সাদ্দাম হোসেন, তানিয়া আক্তার, মিনা আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ।

