নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী এমপি। তাঁর একক প্রচেষ্টায় মাত্র কয়েক দিনের ব্যবধানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেহারা আমূল বদলে গেছে। ১০১ শয্যায় উন্নীতকরণের অনুমোদন, চিকিৎসক সংকট নিরসন এবং নিয়মিত অপারেশন কার্যক্রম চালুর মাধ্যমে উপজেলাটিতে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
নান্দাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ৫০ শয্যার হাসপাতালটিকে সম্প্রসারণ করা। মাননীয় প্রতিমন্ত্রীর ডিও লেটারের প্রেক্ষিতে সরকার হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীতকরণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। এর ফলে এখন থেকে উপজেলার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ময়মনসিংহ বা ঢাকা ছুটতে হবে না। এই ঐতিহাসিক অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইলবাসী।
গত সপ্তাহে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন এবং চিকিৎসক সংকটের করুণ চিত্র সরেজমিনে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। অবিশ্বাস্য হলেও সত্য, তাঁর এই পদক্ষেপের মাত্র ৭ দিনের মাথায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন থেকে রোগীরা সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন।
নান্দাইলের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় চমকটি এসেছে প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগে আধুনিকায়নকৃত অপারেশন থিয়েটারে প্রথমবারের মতো নিয়মিত সার্জারি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই অত্যন্ত সফলতার সাথে ১০ জন রোগীর অস্ত্রোপচার করা হয়, যার মধ্যে একটি ছিল অত্যন্ত জটিল ‘প্যারা-আম্বিলিক্যাল হার্নিয়া’ অপারেশন। বর্তমানে সকল রোগী সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, “হাসপাতালের এই বৈপ্লবিক পরিবর্তনে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রিয় নেতার ঐকান্তিক প্রচেষ্টায় নান্দাইল এখন একটি আধুনিক জনপদে রূপান্তর হচ্ছে। ঘরে বসেই উন্নত সেবা পাচ্ছে নান্দাইলবাসী।”
এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতালের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তথ্য প্রতিমন্ত্রী মহোদয় হাসাপাতালের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
নান্দাইলবাসীর উদ্দেশ্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন ধরে আমার প্রিয় নান্দাইলবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন, যা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছিল। আমি কথা দিচ্ছি, আপনাদের সেবায় আমি সবসময় পাশে থাকব। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ প্রতিটি খাতের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।”

