নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে (১৯) শাশুড়ির উপস্থিতিতে ও সহযোগিতায় গণধর্ষণের পর তাকে অপহরণ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভিকটিমের কোনো সন্ধান পায়নি পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (২০২৬ইং) গভীর রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের টাওয়াইল গ্রামে শাশুড়ি রুমেলা খাতুনের বসত বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। ভিকটিমের পিতা বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের দাবি, শাশুড়ি রুমেলা খাতুনের উপস্থিতিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় একদল যুবক তার মেয়েকে জোরপূর্বক গণধর্ষণ করে।
ঘটনার পরদিন ১ আগস্ট বিকেলে স্থানীয় জনৈক ফজলু মিয়ার ফোন থেকে ভিকটিমের পরিবারকে জানানো হয় যে, জাকিয়া আক্তার তার শ্বশুরবাড়িতে গুরুতর অসুস্থ। খবর পেয়ে পিতা জাহাঙ্গীর আলম মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে জাকিয়া তাকে গণধর্ষণের কথা বিস্তারিত জানান। পরবর্তীতে মেয়েকে আইনি সহায়তার জন্য থানায় নিয়ে আসতে চাইলে শাশুড়ি রুমেলা খাতুন ও তার সহযোগীরা জাকিয়াকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই ভিকটিম নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- রুমেলা খাতুন, জাহিদ মিয়া, ইতি আক্তার, মাহিন মিয়া ও রাব্বি মিয়া।
এ বিষয়ে ভিকটিমের পিতা জাহাঙ্গীর আলম বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে সর্বনাশ করা হয়েছে। এখন তাকে অপহরণ করে রাখা হয়েছে, আমি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নান্দাইল মডেল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ভিকটিমকে উদ্ধারে ও অভিযুক্তদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
![]()

