নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২০ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৯টায় ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল সাড়ে ১১টায় নান্দাইলে নিজ বাসভবন ‘বাহাদুরপুর হাউজে’ পৌঁছাবেন। দুপুর ১টায় তিনি মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার (২১ নভেম্বর) প্রতিমন্ত্রীর দিনব্যাপী একাধিক কর্মসূচি রয়েছে। সকাল ১১টায় তিনি নান্দাইল উপজেলার চামটা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২টায় নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশদের সাথে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় অংশ নেবেন।
দুপুর ১টায় প্রতিমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় চামটা দলীয় কার্যালয়ে নান্দাইল উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা এবং সন্ধ্যা ৬টায় নান্দাইলে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া রাত ১০টায় নান্দাইলের সংগ্রামকশী পাঁচরুখী এলাকায় হযরত আয়েশা সিদ্দিকী (রা:) মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত সাড়ে ১০টায় সড়কপথে ঢাকার গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করবেন প্রতিমন্ত্রী।
সরকারি এই সফরে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মিঠু মিয়া তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
![]()

