আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসদরের ঈদগাহ মাঠ থেকে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল ও সদস্যসচিব শাহীন আলম জনিসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য কিংবা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![]()

