আবু হানিফ, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩০)-কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক ১০টার দিকে ঘটে এ নৃশংস ঘটনা।
নিহত জেসমিন আক্তার মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯৯৯–এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া এবং ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সারা রাত ধরে চলে সুরতহাল প্রতিবেদন তৈরি, আলামত সংগ্রহ ও স্বজন–প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ।
পরে ভোরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। সাধারণ মানুষের দাবি— এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এলাকাবাসীর আক্ষেপ—“সমাজে যেন আর কোনো মা, কোনো বোন এমন নিষ্ঠুরতার শিকার না হয়।”

