নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে আবারও মানবিকতা ও বিনয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একজন উচ্চপদস্থ জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের মতো মরদেহের খাটিয়া কাঁধে নেওয়া এবং সরাসরি কবরে নেমে দাফন কাজে অংশ নিয়ে এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
শুক্রবার (২৯ মে) ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল নিজ নির্বাচনী এলাকার মোয়াজ্জেমপুর ইউনিয়নে মরহুম আব্দুল হামিদের জানাজায় অংশ নেন প্রতিমন্ত্রী। জানাজা শেষে যখন মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে প্রতিমন্ত্রী নিজেই খাটিয়া কাঁধে তুলে নেন। দীর্ঘ পথ হেঁটে তিনি অন্যদের সঙ্গে মরদেহ বহন করে নিয়ে যান।
পরবর্তীতে দাফনের সময় তিনি সরাসরি কবরে নেমে পড়েন। সেখানে নিজ হাতে মরহুমের মরদেহ দাফন কার্য সম্পন্ন করতে সহযোগিতা করেন।
একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের কাতারে এসে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে স্থানীয় বাসিন্দারা বিস্মিত ও অভিভূত হয়ে পড়েন।
দাফন শেষে প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
এরপূর্বেও তিনি সরকারি প্রটোকল ভেঙে রাস্তার পাশে গাড়ি থামিয়ে সরাসরি কবরে নেমে মরদেহ দাফন কাজে অংশ নিয়েছিলেন।
স্থানীয়রা জানান, ইয়াসের খান চৌধুরী কেবল একজন নেতা নন, বরং তিনি যে মাটির মানুষ—এই ঘটনাটি তার প্রমাণ। সাধারণ মানুষের সুখে-দুঃখে এভাবে পাশে দাঁড়ানো একজন প্রকৃত জনসেবকের বৈশিষ্ট্য। তার এই নিরহংকার ও মানবিক আচরণ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এলাকাবাসী মনে করছেন, একজন উচ্চপর্যায়ের জনপ্রতিনিধির এমন সাদামাটা জীবনযাপন ও সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

