ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর ত্বরিত হস্তক্ষেপে শুরু হলো মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের দীর্ঘদিনের বেহাল দশা ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর তাৎক্ষণিক নির্দেশে সড়কটির হাটশিরা বাজার সংলগ্ন লক্ষিপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু হয়েছে।

সড়কটির ওই নির্দিষ্ট স্থানে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। প্রতিমন্ত্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন এবং ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে আজ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করেছেন। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থা আমার নজরে আসার সাথে সাথেই আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

কাজের দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও জানান, কয়েক বছর আগেই এই সড়কের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এরপরও ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছিলেন, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই পুরো কাজের তদারকি করছেন বলে জানিয়েছেন।

এদিকে, প্রতিমন্ত্রীর দ্রুত ও আন্তরিক উদ্যোগে সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রতিমন্ত্রীর এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইল ও দেওয়ানগঞ্জ এলাকার সাধারণ মানুষ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।