ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চান নান্দাইলবাসী ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এগারোসিন্ধুর বা বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছেন নান্দাইলবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, নান্দাইল একটি গুরুত্বপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও ময়মনসিংহ-ভৈরব রেলপথে অবস্থিত ঐতিহাসিক নান্দাইল উপজেলার গুরুত্বপূর্ণ রেলস্টেশন নান্দাইল রোড এখন অস্তিত্ব সংকটে ভুগছে। একই রুটের পাশ্ববর্তী মুশুল্লী স্টেশন কয়েক বছর ধরে বন্ধ থাকায় কার্যত বিলীন হওয়ার পথে।

শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত স্টেশন দুটিতে দীর্ঘদিন বড় ধরনের উন্নয়ন হয়নি। নান্দাইল রোড স্টেশনে একটি শেডবিহীন পাকা প্ল্যাটফর্ম ও একটি সিগন্যাল বক্স থাকলেও যাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার বা নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নেই। জরাজীর্ণ অবকাঠামোর মধ্যেই চলছে দৈনন্দিন কার্যক্রম। একসময় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার হাজারো মানুষ স্বল্প খরচে ও নিরাপদ যাতায়াতের জন্য এই রেলপথ ব্যবহার করতেন। দিনে ও রাতে আপ-ডাউন মিলিয়ে প্রায় ১০টি ট্রেন চলাচল করত এবং প্রতিটি ট্রেনই নান্দাইল রোড ও মুশুল্লী স্টেশনে যাত্রাবিরতি দিত। যাত্রীদের পদচারণায় মুখর থাকত স্টেশন চত্বর। কিন্তু বর্তমানে মাত্র একটি ট্রেন কেবল চট্টগ্রাম মেইল (৩৭-আপ) রাত ৩/৪টার দিকে এবং একই ট্রেনের (৩৮-ডাউন) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নান্দাইল রোড স্টেশনে থামে। আন্তঃনগর ট্রেনের কোনো স্টপেজ না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। একটি ট্রেনের জন্য সারাদিন অপেক্ষা করতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।

ট্রেনযাত্রী আব্দুল মোমেন ও এনামুল মিয়া বলেন, “ট্রেন গরিবের গাড়ি। অল্প খরচে যাতায়াতের একমাত্র ভরসা রেলপথ। কিন্তু একটি ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।” তারা ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া জানান, সরকারের সংশ্লিষ্ট মহল এবং নান্দাইলের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যদি এ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ সহ আরো কয়েকটি লোকাল ট্রেন চালু করার জন্য পদক্ষেপ নেয় তাহলে সাধারণ জনগণ ট্রেন যাতায়াতের সুবিধা ভোগ করার সুযোগ পেতে পারে।

নান্দাইল রোড স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার ইমাম হোসেন (অতিরিক্ত দায়িত্বে) বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেন বাড়ানো এবং রেলযোগাযোগ আধুনিকায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি প্রয়োজন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।