নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সরকারি বিধিনিষেধ অমান্য করে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি খনন ও জনস্বার্থ বিঘ্নিত করার দায়ে আল আমিন সবুজ (৪৫) নামে এক পুকুর মালিককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আল আমিন সবুজ পালাহার বালুয়াকান্দা গ্রামের বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ভ্রাম্যমান আদালতে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলে, তা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে নান্দাইল মডেল থানা পুলিশের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিবেশী মোফাজ্জল হোসেনের আবাদি জমির সীমানা ঘেঁষে শক্তিশালী ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে মাটি খনন করছিলেন আল আমিন সবুজ। এতে মোফাজ্জল হোসেনের জমি ধসে পড়তে শুরু করলে তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় এ দণ্ড প্রদান করা হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি আইন অমান্য ও জনস্বার্থ বিঘ্নিত করায় এ সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


