নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ফুটবল অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এক নারী ফুটবলারকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল (৩৬) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। তবে এই আটকের পেছনে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভুক্তভোগী ওই ফুটবলার ও তার সাহসী সতীর্থরা। সোমবার (৯ সেপ্টেম্বর) অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চন্ডীপাশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে ওই কিশোরীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় চালক মাহমুদুল। সে সময় ধস্তাধস্তি করে কিশোরীটি রক্ষা পেলেও চালক পালিয়ে যায়।
পরে গত রবিবার সন্ধ্যায় অনুশীলনের মাঠের কাছেই সেই চালককে পুনরায় দেখতে পেয়ে সতীর্থদের সহযোগিতায় তাকে ধাওয়া করে ধরে ফেলে নারী ফুটবলাররা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। সাহসী নারী ফুটবলারদের এই পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

