নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দেলোয়ার হোসেন রঞ্জু নামে এক মৎস্যচাষীর পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের এক জঘন্য ঘটনা ঘটেছে। এতে পুকুরে থাকা প্রায় ৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারা গেছে বলে ক্ষতিগ্রস্ত চাষী দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মুসুল্লি ইউনিয়নের মাইজহাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত খোরশেদ উদ্দিন ভূঞার পুত্র নিরীহ মৎস্যচাষী দেলোয়ার হোসেন রঞ্জুর পৈতৃক এক একর জমিতে চাষকৃত পুকুরে গভীর রাতে কে বা কারা শত্রুতা করে তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে।শনিবার সকালে রঞ্জু পুকুর পাড়ে গিয়ে দেখতে পান চাষকৃত রুই, কাতলা ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে পানির উপরে ভেসে আছে। নিজের কষ্টের ফল এভাবে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ওই মৎস্যচাষী। তার এই আহাজারিতে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন এবং এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী দেলোয়ার হোসেন রঞ্জু বলেন, “আমার জানা মতে কারো সাথে কোনো শত্রুতা নেই। তবে যারা এই অমানবিক কাজটি করেছে, আমি তাদের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এই বিষয়ে মুসুল্লি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফুরকান উদ্দিন বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ। একজন পরিশ্রমী চাষীকে এভাবে পথে বসিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। তা না হলে সাধারণ মৎস্য চাষীরা চাষাবাদে উৎসাহ ও নিরাপত্তা হারাবে।”

