আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সৌদি প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশে বৈধ মালিকানা নিশ্চিত হওয়ার পরও প্রভাবশালী একদল লোক রায় মানতে অস্বীকৃতি জানিয়ে উল্টো প্রবাসীর নির্মিত টিনশেড ঘর ভেঙে জমি দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার শিকার প্রবাসী মোঃ হানিফের বড় ভাই মোস্তফা পাকুন্দিয়া থানা ও আহুতিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন—পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের পাঁচলগোটা এলাকায় শামীম মিয়ার কাছ থেকে ক্রয় করা ১০৫ শতাংশ জমির ২০ শতাংশ তিনি ছোট ভাই প্রবাসী হানিফের কাছে বিক্রি করেন। হানিফ সেখানে টিনশেড ঘর তুলে বসবাস করতেন। কিন্তু পাঁচ বছর ধরে বিদেশে থাকার সুযোগে স্থানীয় আলম, ফরহাদ, রোফায়েত, রনি, মর্জিনা ও মাসুম গত ৫ ডিসেম্বর ঘর ভেঙে নিয়ে যায় এবং জমি দখল করে নেয়।
মোস্তফা আরও জানান, কয়েক বছর আগে জমি নিয়ে সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে প্রবাসী হানিফের মালিকানা বৈধ প্রমাণিত হলে আলম গংকে জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা সালিশি রায় অমান্য করে প্রবাসী পরিবারকে হুমকি ধামকি দিয়ে দখল ধরে রেখেছে।
সালিশদার মোঃ বাদল মিয়া বলেন, “দলিলপত্র যাচাই করে প্রবাসীর কাগজপত্র সঠিক পাই। জমি ছেড়ে দিতে নির্দেশ দিয়েছি, কিন্তু তারা মানেনি। তাই প্রবাসী প্রশাসনের দ্বারস্থ হয়েছে।”
অভিযুক্ত আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “জমি আমাদের। আমাদের কাছে কাগজপত্র আছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

