স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া: কারাগারে এক আওয়ামী লীগ নেতার অসুস্থতার খবরকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. রাকিবুল আলম ছোটন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে রাকিবুল আলম ছোটন বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় পুলিশ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তিনি ও মোতায়েম হোসেন স্বপন একই এলাকার বাসিন্দা হওয়ায় মানবিক দায়বদ্ধতা থেকেই বিষয়টিতে তিনি সংশ্লিষ্ট হন।
তিনি জানান, গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে জেল সুপার পরিচয়ে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে ফোন করে জানানো হয় যে, মোতায়েম হোসেন স্বপন কারাগারে স্ট্রোক করেছেন এবং দ্রুত তার পরিবারকে বিষয়টি জানাতে অনুরোধ করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে মোতায়েম হোসেন স্বপনের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলে শিশিরকে বিষয়টি অবহিত করেন এবং সংশ্লিষ্ট ফোন নম্বরটি তাদের কাছে দিয়ে আসেন।
পরবর্তীতে তিনি জানতে পারেন, একটি প্রতারক চক্র চিকিৎসার কথা বলে মোতায়েম হোসেন স্বপনের পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
রাকিবুল আলম ছোটন অভিযোগ করে বলেন, “এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন ও বিকৃতভাবে উপস্থাপন করে একটি কুচক্রী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। মানবিক কারণে খবর পৌঁছে দেওয়া ছাড়া আমার আর কোনো ভূমিকা নেই। আমি কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা গ্রহণ করিনি। তবুও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম, আমির খসরু, নাজমুল হক ডালিম, পৌর শ্রমিকদলের সভাপতি হাদিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব খালেকুজ্জামান রবিন, উপজেলা যুবদলের সদস্য রমজান আলী শামীম, চণ্ডীপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাজহারুল হক এংরাজ এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

