আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এর বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. মোসা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআরের আইজিসিআরটি, ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. সাগিরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণ করে পাকুন্দিয়া সরকারি কলেজ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া মহিলা কলেজ, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আসিয়া বারী আদর্শ বিদ্যালয়, চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ষাগাতী বালিকা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ এবং জনকল্যাণে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা দেশীয় উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের উদ্ভাবনকে উৎসাহিত করা এবং প্রযুক্তির কার্যকর বিস্তার ঘটানো গেলে দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

