নুরুজ্জামান আশরাফ বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে সুরুজ ম্যানশন (কৃষি ব্যাংক ভবন নামক মার্কেট)-এর মালিক ব্যবসায়ী রকিবুল হাসান খান রকি (৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা ও মার্কেটে ভাঙচুর–লুটপাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে করিম চেয়ারম্যান বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় রকি বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পশ্চিম বাজিতপুরের মৃত আঃ মতিন খান মাসুদের ছেলে রকিকে বাজারস্থ সুরুজ ম্যানশনের সামনের খোলা জায়গায় অতর্কিতভাবে হামলা চালায় করিম চেয়ারম্যানের ছেলে অর্নব মিয়া (২২) ও সহযোগীরা। এ সময় করিম চেয়ারম্যান আঃ করিম (৫৯), রেনু মিয়া (৪৫) এবং আরও ৫-৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রকির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে অর্নব মিয়া ধারালো রামদা দিয়ে তার মাথায় কোপ মারতে চাইলে রকি হাত তুলে প্রতিরোধ করেন। এতে তার ডান হাতের আঙুল কেটে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মার্কেটে প্রবেশ করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তারা রকিকে ভবিষ্যতে খুনের হুমকি দিয়ে চলে যায়।
রকি পরবর্তীতে বাজিতপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তার দাবি, ঘটনার ভিডিও ফুটেজ তার মোবাইল ফোনে রয়েছে। তিনি বলেন, “করিম চেয়ারম্যান ও তার লোকজন অত্যাচারী ও দাঙ্গাবাজ। যেকোনো সময় আবারও আমাকে আক্রমণ করে খুন করতে পারে।”
এ ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তি থানায় জবানবন্দি দিতে প্রস্তুত আছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

