নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত গৃহবধূ ফিরোজা খাতুন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনার পাঁচ দিন পর। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ফিরোজা খাতুন উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবু রায়হানের (৬৫) স্ত্রী। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে আবু রায়হান তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে ওই দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায়, দুটি বসতঘরেই তালা ঝুলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু রায়হান এবং তাদের চার ছেলেও এলাকা ছেড়ে পালিয়েছেন। স্থানীয়রা জানান, ঝগড়ার প্রকৃত কারণ জানা না গেলেও আবু রায়হান কিছুটা শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তাদের পাঁচ সন্তানের সবাই বিবাহিত।
নিহতের ছোট বোন আমেনা খাতুন জানান, হাসপাতালে থাকাকালীন তার বোনের অবস্থা এতই সংকটাপন্ন ছিল যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। ফলে ঘটনার সঠিক কারণ সম্পর্কে তারা কিছুই জানতে পারেননি।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন লাশ দাফন করেছে। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

