নিজস্ব প্রতিবেদক: নিজের বৈধ ঘর ও বসতভিটা থাকার পরেও শুধুমাত্র প্রভাবশালী ও লোভী আত্মীয়দের অনৈতিক কূটকৌশল আর জবরদখলের শিকার হয়ে দুই অবুঝ শিশুকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে এক অসহায় মাকে। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি কেবল একটি সাধারণ জমি সংক্রান্ত বিরোধ নয়; বরং এটি সামাজিক অবক্ষয়, নারীর অধিকার হরণ এবং ক্ষমতার অপব্যবহারের এক নিষ্ঠুর চিত্র। আইনের আশ্রয় নেওয়ার পরও কেন একজন মাকে তার নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে কনকনে শীতে পথেই দিন কাটাতে হচ্ছে—তার গভীরে রয়েছে এক নির্মম শেকল।
অনুসন্ধানে জানা যায়, প্রায় তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহজাহান মিয়া মারা যান। নান্দাইল পৌরসভার চন্ডীপাশা এলাকার তাঁর স্বামীর রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি ও একটি সেমিপাকা বসতঘর বৈধভাবে ভোগদখল করে আসছিলেন তার উত্তরাধিকারীরা। কিন্তু লোভের বশবর্তী হয়ে মৃত শাহজাহানের সম্পত্তি আত্মসাৎ করতে দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। এই চক্রের মূল নেতৃত্বে রয়েছে বাদীর নিজের ননদ, ননাশ ও তাদের সহযোগীরা।
ভুক্তভোগী মোছাঃ নাদিরা আক্তার (২৭) যখন তার স্বামীর পৈত্রিক অধিকার ও নিজের একমাত্র মাথা গোঁজার ঠাঁই রক্ষা করার চেষ্টা করেন, তখনই তার ওপর নেমে আসে নানামুখী নির্যাতন। ঘটনার দিন গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে একদল সংঘবদ্ধ প্রতিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে নাদিরা আক্তারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা কেবল সীমানার গাছপালাই কেটে ক্ষতি সাধন করেনি, বরং বসতভিটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রাসী রূপ ধারণ করে।
ভুক্তভোগী নাদিরা আক্তার কান্নাবিজড়িত কণ্ঠে জানান, ওই দিন সকালে যখন তিনি ও তার অবুঝ শিশুরা ঘর ছাড়তে অস্বীকৃতি জানান, তখন অভিযুক্তরা চড়াও হয়। অভিযুক্তদের মধ্যে আব্দুল আওয়াল, মোছাঃ ফাতেমা আক্তার, সাহিদা আক্তার, আম্বিয়া বেগম, সুফিয়া খাতুন, নাজমা আক্তার ও শাহানা আক্তাররা দলবদ্ধ হয়ে নাদিরাকে এলোপাতাড়ি মারধর করেন।
শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে জখম করা হয়। এরপর জোরপূর্বক টেনেহিঁচড়ে তাকে ও তার দুই কোলশিশুকে ঘর থেকে বের করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয় বসতঘরে। চোখের পলকে নিজের হাতে গড়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া ঘরটি পর হয়ে যায়।
সবচেয়ে মর্মান্তিক দিক হলো এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী দুটি অবুঝ শিশুর আড়াই বছরের ছেলে তাকরীম এবং পাঁচ বছরের কন্যাসিশু সুয়াইরা। মাথার ওপর ছাদ নেই, চারপাশ থেকে বয়কট ও লাগাতার হুমকির মুখে গৃহহীন এই দুই শিশু এখন তীব্র শীতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ঠিকমতো খাবার মিলছে না, নেই ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা। সমাজের তথাকথিত শিক্ষিত ও রক্তসম্পর্কীয় আত্মীয়রাই যখন শিশুদের মাথার ছাদ কেড়ে নেয়, তখন মানবতা চরমভাবে হোঁচট খায়। কোমলমতি শিশু দুটি বুঝতেও পারছে না কেন আজ তাদের এই মানবেতর দশা।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন “তারা কারো ঘর দখল করেননি, নিজেদের ঘরেই আছেন।” কিন্তু প্রশ্ন হলো যদি ঘরটি তাদেরই দখলে থাকত, তবে কেন ভুক্তভোগী মা দুটি শিশুকে নিয়ে বাড়ির বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হবেন? স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা পেশি শক্তির জোরে নাদিরার বৈধ ঘরটি জবরদখল করে নিয়েছে এবং এখন উল্টো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
ঘটনার পরপরই ভুক্তভোগী মোছাঃ নাদিরা আক্তার বাদি হয়ে নান্দাইল মডেল থানায় ৭ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করে জানান, “অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং সত্যতা সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে।”
![]()

