নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা এলাকায় পৈতৃক সম্পত্তির ন্যায্য ভাগ চাওয়ায় মোছাম্মৎ ফাতেমা আক্তার নামের এক নারীর ওপর ভাই ও তাঁর সহযোগীদের রক্তাক্ত হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফাতেমা আক্তার জানান, ২০২০ সালে বাবার মৃত্যুর পর থেকে তাঁর ভাই মোঃ আঃ রশিদ সম্পত্তি দখল করে রেখেছেন। এ নিয়ে আগের বিরোধের জেরে ২০২১ সালে থানায় জিডি (নং-৭১৩) করা হয়েছিল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফাতেমা আক্তার পৈতৃক ঘরে অবস্থানকালে ভাই আব্দুর রশিদ, আশিক, নাদিরা ও আয়শাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফাতেমা আক্তারের মাথা ফেটে যায় এবং কয়েকজন গুরুতর জখম হন।
পরে আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী ফাতেমা আক্তার স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকারের দাবি জানান।
![]()

