আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরফারদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন ওই ইউনিয়নের চর আলগী গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে (সেহরির সময়) দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় গরু চুরির সন্দেহে রমিজ উদ্দিনকে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

