বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে এক ব্যতিক্রমী মাদকবিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুক্রনায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ মাদক ব্যবসার সাথে জড়িত এক ব্যক্তির দলীয় বহিষ্কারের দাবি জানিয়েছেন।
আয়োজকদের অভিযোগ, হালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক কেনা-বেচা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন অটো ও মোটরসাইকেল চুরির মতো অপরাধমূলক কার্যক্রমে জড়িত। স্থানীয়দের পক্ষ থেকে এসব অভিযোগের ভিত্তিতে তারা বাজিতপুর উপজেলা বিএনপি’র কাছে রাজিবকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, “একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে এমন অপরাধীদের দলে কোনো স্থান দেওয়া যাবে না। আমরা দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। যদি এই দাবি পূরণ না হয়, তবে আমাদের আন্দোলন আরও জোরালো হবে।”
এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকবিরোধী কার্যক্রমে তাদের সমর্থন ব্যক্ত করেন এবং একটি পরিচ্ছন্ন সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

