নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জাতীয় সংসদে ‘মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’ সংক্রান্ত ঐতিহাসিক বিল পাস হয়েছে। এই যুগান্তকারী বিল পাসের সময় সরাসরি সংসদে উপস্থিত থেকে এর পক্ষে ভোট দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) রাতে প্রতিমন্ত্রী তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে লিখেন, “মাদক কেনা-বেচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস” এই বিল পাসের সময় আমি সংসদে উপস্থিত থাকতে পেরেছি এবং এই বিলের পক্ষে ভোট দিয়েছি। আলহামদুলিল্লাহ।”
প্রতিমন্ত্রীর এই ফেসবুক পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নান্দাইলের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। নান্দাইলবাসী তাঁর এই সাহসী, অগ্রগামী ও দূরদর্শী চিন্তাভাবনার জন্য গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। তথ্য প্রতিমন্ত্রী এর আগেও বিভিন্ন সভায় নান্দাইলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। এবার সংসদে আইন পাসে সক্রিয় ভূমিকা রেখে তিনি তাঁর সেই অঙ্গীকারের বাস্তবায়ন ঘটালেন।
নান্দাইলের সাধারণ মানুষ ও অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন যে, ইয়াসের খান চৌধুরী নান্দাইলের উন্নয়নের প্রকৃত দিশারী। শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নয়, সামাজিক অবক্ষয় রোধে তিনি যেভাবে সংসদে জোরালো ভূমিকা রাখছেন, তা এই জনপদের জন্য এক পরম পাওয়া।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে কুরে কুরে খায়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে এমন কঠোর আইনের বিকল্প ছিল না। প্রতিমন্ত্রীর এই অবস্থান প্রমাণ করে তিনি শুধু উন্নয়নের নয়, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনেরও স্বপ্নদ্রষ্টা।
![]()

