হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার হাজিপুর বাজারে ফিল্মি স্টাইলে দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল হকের বিকাশ লেনদেনের দোকানে হামলা চালিয়ে ল্যাপটপসহ অন্যান্য মালামাল ভাঙচুর করা হয় এবং নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক শামসুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
ঘটনার বিস্তারিত:
সাংবাদিক শামসুল হক জানান, তিনি এর আগে উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এরই জের ধরে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই চক্রের লোকজন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দোকান ও ল্যাপটপ ভাঙচুর করে এবং নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
লিখিত অভিযোগ ও চাঞ্চল্য:
ভুক্তভোগী সাংবাদিক তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন যে, অনিয়মের সংবাদ প্রকাশের জেরে টিসিবির ডিলার মনির তার দলবল নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের মূল্যবান কাগজপত্র ছিঁড়ে ফেলে এবং বিকাশ ব্যবসার নগদ টাকা লুট করে নিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা চিৎকার করে বলে, “ডিলারী করব না কিন্তু সাংবাদিক তরে দেখার আছে।” এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রশাসনের পদক্ষেপ:
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, তদন্ত চলছে এবং খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, তার ডিলার বাতিলের জন্য উচ্চমহলের কাছে লিখিত আকারে চিঠি পাঠানো হবে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করা হবে।
জনগণের দাবি:
জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নেক্কার জনক আমি ঘটনার তীব্র নিন্দা জানাই। এই সন্ত্রাসী হামলায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এমন হামলার শিকার না হন এবং স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে না পড়ে।

